
মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা ২০১৮ সালে পারিবারিক আয়োজনে আইনজীবী সানাউল্লাহ নূর সাগরকে বিয়ে করেছিলেন। বিয়ের সাত বছরের মাথায় সেই দাম্পত্য জীবনের ইতি টানার খবর সামনে এসেছে। সম্প্রতি সংবাদমাধ্যমকে শিল্পী নিজেই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে সালমা বলেন, “হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে। গত ২৯ নভেম্বর আমাদের বিচ্ছেদ হয়। এটা নিয়ে আর কিছু বলতে চাই না।”
পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এখন শুধু গানে মনোযোগ দিতে চাই। বিচ্ছেদ নিয়ে ভাবতে চাই না। ভালো ভালো গান গাইতে চাই।”
এদিকে সানাউল্লাহ নূর সাগর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাম্পত্য জীবনের ইতি টানার বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, “কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে। একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই দুজনের আলাদা হয়ে যাওয়ার কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে আমাদের বৈবাহিক জীবনের সমাপ্তি ঘটালাম। আশা করছি, এই বিষয়টা নিয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে সবাই বিরত থাকবেন।”
উল্লেখ্য, ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের বিজয়ী সালমা। প্রতিযোগিতা জয়ের পর থেকেই তিনি নিয়মিত গান করে আসছেন এবং সংগীতাঙ্গনে নিজের অবস্থান ধরে রেখেছেন। এর আগে ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেছিলেন তিনি। সেই সংসারের বিচ্ছেদ ঘটে ২০১৬ সালে।
সূত্র: ইত্তেফাক